বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসন ও দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়।
নিহতরা হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারী। স্থানীয় কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১১টার দিকে কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে কেন্দ্রে ফেরার সময়ই দুর্ঘটনার শিকার হয় এটি।
কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। দুর্ঘটনায় বিমানটির ডানা ও বিভিন্ন অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়।
বিমানটি ২০২৩ সালে ওই প্রশিক্ষণকেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএকে জানানো হয়েছে। সংস্থাটির একটি দল ঘটনাটি তদন্ত করবে।
এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন তিনি।
