সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশন আয়োজিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ বিষয়ে সতর্ক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশে পরিণত হব।’
তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। ফলে মুসলিম সমাজকে এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষভাবে আলেম সমাজ ও ধর্মীয় পণ্ডিতদের আধুনিক প্রযুক্তি এবং বর্তমান সময়ের পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান। তার মতে, ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ক্ষেত্রগুলো সম্পর্কেও আলেমদের ধারণা থাকা প্রয়োজন।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রযুক্তির বিকাশ যেন আমাদের ইমান ও নৈতিক মূল্যবোধ রক্ষা করে তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে কোনো বিরোধ তৈরি করা উচিত নয়। বরং জ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মুসলিম সমাজের নৈতিক ও ধর্মীয় ভিত্তিকেও শক্তিশালী রাখতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে যখন ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে, তখন মুসলিম আলেম ও বৃহত্তর মুসলিম সমাজ এসব চ্যালেঞ্জের দিকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।
তিনি মনে করেন, ভবিষ্যৎ বিশ্বব্যবস্থায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই মুসলিম সমাজ যদি এই পরিবর্তনকে বুঝতে ব্যর্থ হয় এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন না করে, তাহলে অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।
এ কারণে প্রযুক্তিগত অগ্রগতিকে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় আদর্শের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার আহ্বান, মুসলিম সমাজকে আধুনিক বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, একই সঙ্গে নিজেদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধও অটুট রাখতে হবে।
অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হাতে এক্সিলেন্স অ্যাওয়ার্ডের সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলন শেষে তিনি ভারতের কেরালা সফরে যান। সেখানেই শেখ আবু বকর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মুসলিম সমাজের জ্ঞান, প্রযুক্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এসব বক্তব্য দেন তিনি।
