Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি পরেখেলবেন মেসি

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

Amyal TV
২ মিনিট পড়ুন

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হচ্ছে আবেগঘন পরিবেশ। এই বিশেষ ম্যাচকে ঘিরে স্বয়ং মেসির মধ্যেও তৈরি হয়েছে আলাদা অনুভূতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবেগের কথাই প্রকাশ করেছেন তিনি।

মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই বিশেষ জার্সির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’

ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাভাবিকভাবেই ‘হোম কিট’ পরে মাঠে নামবেন মেসিরা। তবে এবারের জার্সিতে থাকছে কিছুটা ভিন্নতা। বিশেষ এই জার্সিতে নাম ও নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। জার্সির কলার ও হাতাতেও থাকছে সোনালি আউটলাইন।

এ ছাড়া জার্সির পেছনের অংশে আর্জেন্টিনার জাতীয় পতাকার ঐতিহ্যবাহী প্রতীক ‘সোল দে মায়ো’ বা ‘মে সূর্য’ আঁকা থাকবে। ফলে মেসির বিদায়ী ম্যাচের স্মৃতিকে বিশেষ করে তুলতে জার্সিতেও রাখা হয়েছে ঐতিহ্য ও আবেগের ছোঁয়া।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচকে ঘিরে তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশেষ আয়োজনও নজর কাড়ছে ফুটবলপ্রেমীদের। মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টাইন অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকার অপেক্ষায়।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...