গাজীপুরের কালীগঞ্জে কলা ব্যবসায়ী শ্বশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত জামাই মোজাম্মেল জামালপুরের মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।
নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে তাঁর বোন শাহনাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। শুক্রবার বিকেলে শ্বশুরের সঙ্গে কথা আছে বলে ফোন করে আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন তিনি।
সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা একটি ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় আঘাত করেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন নিয়ে আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
