দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে নিয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশের মাধ্যমে বিষয়টি জানা গেছে। রোববার দুদকের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে বলা হয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন।
এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও প্রতিবেদন দাখিলের জন্য দুদক ইতোমধ্যে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। এতে পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করা হয়েছে।
নোটিশে নির্ধারিত তারিখে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।
