Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

Amyal TV
৩ মিনিট পড়ুন

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এই উদ্যোগটি প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না।

অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। অনুদানের অর্থ নির্ধারিত কাজে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এই পরিস্থিতি বিবেচনায় সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। পাশাপাশি তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নতুন ব্যবসা শুরু, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ আরও বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...