Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে প্লাস্টার ধসে আহত ৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙে পড়েছে। এ ঘটনায় হাসপাতালের কর্মী, শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগীসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Amyal TV
৩ মিনিট পড়ুন

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে জরুরি বিভাগের ছাদের প্লাস্টার হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। এ সময় জরুরি বিভাগে থাকা কয়েকজন রোগী ও তাদের স্বজনসহ অন্যরা আহত হন। আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম তুলনামূলকভাবে বেশি আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

আহত ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুইজন সামান্য আহত হওয়ায় তাদের আলাদা করে কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়নি বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে পড়ার পর সেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে তারা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন। ঘটনার পর কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেখানে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়।

ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষ্মীপুর গ্রামের রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন। রোগীর বেডে শোয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। ভাগ্যক্রমে তিনি এতে আহত হননি। তবে কয়েকজনকে আহত হতে দেখেছেন বলে জানান তিনি।

ঘটনার সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন ডা. শামীমা আক্তার সুইটি। তিনি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও রোগীর স্বজনদের ভিড় ছিল। কক্ষটি প্রায় পূর্ণ ছিল। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ডা. শামীমা আক্তার সুইটি আরও বলেন, আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম কিছুটা বেশি আহত হয়েছেন। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। অন্যরাও গুরুতর আহত হননি।

এদিকে ঘটনার খবর পেয়ে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভবনটি জরুরি ভিত্তিতে পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন বলে তিনি মত দেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও তাদের স্বজন উপস্থিত ছিলেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়াটাই স্বস্তির বিষয়।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে দিনাজপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকৌশলী এসে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। তাদের পরামর্শ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ছাদের প্লাস্টার ধসে পড়ার ঘটনায় কিছু সময় জরুরি বিভাগের কার্যক্রমে বিঘ্ন ঘটলেও বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা স্বাভাবিক নিয়মেই চলমান রয়েছে।

পুরোনো এই ভবনের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ ও রোগীসমাগমপূর্ণ স্থানে এ ধরনের ঘটনা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...