বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।’
তিনি বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও মর্যাদা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি বিচারাঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দলীয় পরিচয় ও রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়ে বার সভাপতি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে বিচার বিভাগের সামগ্রিক পরিবেশ আরও কার্যকর ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে বার সভাপতি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’
সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ আইনজীবীদের স্বার্থ ও অধিকার রক্ষায় আইনজীবী সমিতি প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বলেও জানান বার সভাপতি।
এ সময় বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি ও মর্যাদা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
