শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ট্রাকটির চালক কিংবা সহকারী—কাউকেই পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কীভাবে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। ফুটেজ পর্যালোচনার পর আগুন লাগার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানান তিনি।
