Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন তারেক রহমান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Amyal TV
৩ মিনিট পড়ুন

একই সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলো নিরাপদে বের করে দেওয়ার ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে বাংলাদেশের পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের উদ্বেগ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকে ইরানের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এসব প্রবাসী কর্মীর নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর সরাসরি প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স তাদের পরিবার এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালির পরিস্থিতি বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করেছে। সংঘাতের কারণে বাংলাদেশের কয়েকটি কনটেইনার জাহাজ আটকে রয়েছে। যুদ্ধ দ্রুত শেষ হয়ে পরিস্থিতি কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে গেলে এসব জাহাজ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বের হতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। হরমুজ প্রণালির পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেল ও গ্যাস সরবরাহে যে চাপ তৈরি হতে পারে, তার প্রভাব নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ যেন বড় ধরনের জ্বালানি সংকটে না পড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা এসব উদ্বেগ ইরানের প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে বলেও বৈঠক-সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘ একটি ‘নিউট্রাল স্পেস’ বা নিরপেক্ষ পরিসর। এই নিরপেক্ষ অবস্থান কাজে লাগিয়ে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনার সুযোগ রয়েছে বাংলাদেশের।

বৈঠকে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশীদারও বাংলাদেশকে তার নিরপেক্ষ অবস্থান থেকে শান্তির পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছে। বাংলাদেশও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতার জন্য এই নিরপেক্ষ অবস্থানকে কাজে লাগাতে চায়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লক্ষ্য কোনো পক্ষ নেওয়া নয়; বরং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করা। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি ‘সফট মিডিয়াম ইনফ্লুয়েন্স’ তৈরি করতে চায় বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে। চলমান সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য এবং বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় তুলে ধরা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...