মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বক্তব্য দেন। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি মা ইলিশ প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, নিষেধাজ্ঞার ২২ দিন উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
