গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দেয়ালটিতে এই তিন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। এর মধ্য দিয়ে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতিকৃতির সংখ্যা আরও বাড়ল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। এবার নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেয়ালটি আরও সমৃদ্ধ হয়েছে। তবে আগের তালিকায় থাকা সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতিটি বাদ দেওয়া হয়েছে।
নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত করার বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘এটি আমাদের পরিকল্পনার অংশ। আরও গুণী মানুষের প্রতিকৃতি যুক্ত হবে। আমরা আরও কিছু দেয়াল চূড়ান্ত করেছি, সেগুলোতে দ্রুত কাজ শুরু হবে।’
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে সেখানে অন্য ব্যক্তির প্রতিকৃতি আঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে যারা আছেন, তাদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের একটা বিশাল ফারাক আছে। আমাদের অনেকে এও বলেছে এখানে কেন আইয়ুব বাচ্চু নেই, কেন আজম খান নেই। তরুণদের নিয়েও আমাদের ভাবনা আছে। তাদের প্রতিকৃতিগুলো আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় করার পরিকল্পনা রয়েছে।’
দেয়ালে প্রতিকৃতি আঁকার পাশাপাশি ফুটপাতটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে। পথচারীদের চলাচলের সুবিধার্থে সেখানে বসানো হয়েছে ডাস্টবিন ও বেঞ্চ। একই সঙ্গে সংস্কার করা হয়েছে ফুটপাতের সীমানাপ্রাচীর। এর আগে ফুটপাতটির একাংশ অবৈধভাবে দখল হয়ে ছিল। সেই অংশ দখলমুক্ত করার পর জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলতে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় ডিএসসিসি।
গত ৫ অক্টোবর, সোমবার সকালে ফুটপাতটির সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প জায়গায় তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন ডিএসসিসির প্রশাসক। তিনি বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নগরবাসীরও দায়িত্ব রয়েছে।
ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং নগরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দেয়ালে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি আঁকার উদ্যোগকে রাজধানীর জনপরিসর উন্নয়নের অংশ হিসেবে দেখছে ডিএসসিসি। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে নগরীর আরও কিছু দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি যুক্ত করা হবে।
