শনিবার রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পাশের বাড়ির একটি গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
নিহতের পরিবারের অভিযোগ, এ সময় প্রতিবেশী রমজান, তাঁর স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।
এতে গুরুতর আহত হন বেদার মল্লিক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত তাঁর ছেলে কাইয়ুম বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আরও দুই সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রমজান, তাঁর স্ত্রী লামিয়া এবং মা ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানান, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
তবে পরিবারের পক্ষ থেকে করা হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
