স্পিকার বরাবর দেওয়া পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সচেতন ও স্বেচ্ছায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।
পদত্যাগের আগে দুপুরে প্রায় ১৫ মিনিট সংসদ ভবনে অবস্থান করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় তিনি খালি হাতে বের হন।
পদত্যাগের কারণ জানতে চাইলে মিষ্টি বলেন, “আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। আমি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছি।”
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
