কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আশঙ্কার বিষয়, হাম সংক্রমণের পর অনেক শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এতে কাজ করে না কোনো অ্যান্টিবায়োটিক, যা আরও জটিলতা বাড়াচ্ছে বলে জানান চিকিৎসকরা।
সাইপান, নামটা ছোট। কিন্তু ওর লড়াইটা পাহাড়সম। এক মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও ২০ এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালের হামের সঙ্গে লড়াই করছে আট মাসের শিশুটি। শ্বাসকষ্ট বাড়ায় দেয়া হয়েছে অক্সিজেন।
সাইপান একা নয়, দেশজুড়েই চিত্রটা এখনও নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড—তিল ধারণের জায়গা নেই।