বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের রামদাসপুর সীমান্তের ২১৬/এমপি পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ভারতের ১২ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে রামদাসপুর বিজিবি ফাঁড়ির (বিওপি) টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় বিজিবি সদস্যরা শূন্যরেখায় ছয়জনকে অবস্থান করতে দেখেন। তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
