রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরার সময় বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি উল্লেখ করেন গোর।
তিনি বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
সার্জিও গোরের দাবি, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসন কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই চুক্তিকেও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সেই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখছেন তিনি।
চুক্তিতে কী থাকছে?
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে বাংলাদেশ আরও কয়েকটি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, কতটি উড়োজাহাজ কেনা হবে, মোট চুক্তির মূল্য কত এবং কবে নাগাদ এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বাংলাদেশের বিমানবহর সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।
এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর সেই সফরেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
