আহতরা হলেন মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রিনলাইন এক্সপ্রেসের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১টার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি প্রথমে সড়কের ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও বাসটির নিয়ন্ত্রণ হারানোর দৃশ্য দেখা গেছে। সেখানে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে নামার পরপরই একাধিকবার রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের বের করে আনে। তাঁদের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা ২টা থেকে সাড়ে ২টার মধ্যে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
