Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

কানাডার পার্লামেন্টে এমপি হলেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজ। সোমবার অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

Amyal TV
২ মিনিট পড়ুন

ইলেকশন কানাডার প্রকাশিত ফল অনুযায়ী, তানভীর শাহনেওয়াজ পেয়েছেন ১৭ হাজার ২৫১ ভোট, যা মোট ভোটের ৫৫ দশমিক ৩ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) শ্যানন ডিভাইন পেয়েছেন ৮ হাজার ১৫৯ ভোট বা ২৬ দশমিক ২ শতাংশ।

কনজারভেটিভ পার্টির জিম সিরবস পেয়েছেন ১৪ দশমিক ৬ শতাংশ ভোট। এ ছাড়া গ্রিন পার্টির ব্রুস লাইভসি পেয়েছেন ৫৩১ ভোট, পিপলস পার্টি অব কানাডার মিশেল লাশাঁস ২৪০ ভোট এবং কানাডিয়ান ফিউচার পার্টির ক্যামেরন থমাস পেয়েছেন ১৫৭ ভোট।

তানভীর শাহনেওয়াজের এই জয় শুধু তাঁর ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়; কানাডার বাংলাদেশি-কানাডিয়ান সম্প্রদায়ের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ ও গর্বের মুহূর্ত। ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন একজন জনপ্রতিনিধির যুক্ত হওয়া দেশটির বহুসাংস্কৃতিক রাজনৈতিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

ক্রিসেন্ট টাউনে জন্ম ও বেড়ে ওঠা তানভীর দীর্ঘদিন ধরে তাঁর নির্বাচনী এলাকার স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন।

প্রায় এক দশক তিনি সাবেক এমপি নাথানিয়েল এরস্কিন-স্মিথের সঙ্গে কাজ করেছেন। এ সময় কনস্টিটুয়েন্সি অফিস ম্যানেজার এবং পরে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তানভীরের নির্বাচিত হওয়াকে কানাডার রাজনীতিতে বাংলাদেশি-কানাডিয়ানদের অংশগ্রহণ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অভিবাসী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নতুন প্রজন্মের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তাঁর জয়কে তারই একটি প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে আরেক বাংলাদেশি-কানাডিয়ান ডলি বেগমও কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আগামী ৩ সেপ্টেম্বর স্কারবরো সাউথওয়েস্ট আসনে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে লিবারেল পার্টির প্রার্থী আহসানুল হাকিম এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. নূরুল্লাহ—দুই বাংলাদেশি-কানাডিয়ান এমপিপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিপির প্রার্থী ফাতিমা শাবান।

তানভীর শাহনেওয়াজের বিজয়ের পর কানাডার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের উপস্থিতি ও প্রভাব আরও বাড়বে কি না, সেটিও এখন নতুন করে আলোচনায় এসেছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...