Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

দেশে ফিরেই ‘বড় দল’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও দলটির নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

Amyal TV
৩ মিনিট পড়ুন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাঁধন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ভেনিসে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তার বিষয়েও কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে বাঁধন বলেন, দলটি একটি বড় রাজনৈতিক দল। সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও রাজনীতি করবে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটির নেতাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে লজ্জিত হতে হয়।

বাঁধন বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’

তিনি আরও বলেন, ‘সো, আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’

এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাঁধনের অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে সিনেমাটির এমন সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনেও আলোচনার জন্ম দেয়।

গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বাঁধন।

তার অভিযোগ, একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। এ সময় বাঁধনের সঙ্গে তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও ছিলেন বলে জানান তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করেন।

এদিকে, ভেনিসে হামলা ও হয়রানির অভিযোগের পর ইতালির পুলিশের ভূমিকার কথাও তুলে ধরেছেন বাঁধন। দেশে ফিরে তিনি সেখানে পাওয়া নিরাপত্তা ও সহযোগিতার বিষয়টি সাংবাদিকদের জানান।

ভেনিসে অবস্থানকালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এরই মধ্যে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। অভিযোগের পর ইতালির স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সব মিলিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসরে নিজের সিনেমার সাফল্যের পাশাপাশি হামলা ও হয়রানির অভিযোগে আলোচনায় থাকা বাঁধন দেশে ফিরে এবার আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও সরব হয়েছেন। তার বক্তব্যে রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কর্মকাণ্ড ও রাজনৈতিক রূপরেখা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...