Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আগে তিনি নিজ দলের অনুমতির বিষয়টি উল্লেখ করেছেন।

Amyal TV
৩ মিনিট পড়ুন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ফরিদা ইয়াসমিন। মতবিনিময় শেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আমির হামজার বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।’

জনপ্রতিনিধিদের বক্তব্য ও আচরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ফরিদা ইয়াসমিন বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সাধারণ মানুষের ওপরও প্রভাব ফেলে। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও জানান ফরিদা।

বিরোধী ও সরকারি দলের নেতাকর্মীদের পারস্পরিক সম্মান বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে।’

ঘটনার বিচারভার নিজের দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে এবং তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করছেন তিনি। দলের অনুমতি পাওয়া গেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ড এলাকায় ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদসহ আরও কয়েকজন।

সমাবেশে দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

এর আগে, সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সভায় নিজের বক্তব্যের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’

আমির হামজা আরও বলেন, ‘সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা। তাদের বাদ দিয়ে কমিটিবহির্ভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করে, এটি দুঃখজনক। তারা বলছেন, সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবে না। এটা কখনোই মানা যায় না।’

তার বক্তব্যের এই অংশ নিয়েই ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদ জানানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বক্তব্যে তাকে নিয়ে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করা হয়েছে। অন্যদিকে আমির হামজার বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল সারের ডিলার নিয়োগ এবং প্রশাসনিক বৈঠকে নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত না করার অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে একদিকে ফরিদা ইয়াসমিনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, অন্যদিকে তার সমর্থনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল ও প্রতিবাদ—সব মিলিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...