Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-রপ্তানি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। তেলের দাম বাড়ার পর পণ্য পরিবহনে ট্রাকভাড়া বেড়েছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। এতে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে গিয়ে বাড়তি পরিবহন ব্যয়ের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ট্রাক সংকটের কারণে বন্দরে পণ্যবাহী যানবাহনের জট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রমেও।

Amyal TV
৪ মিনিট পড়ুন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দরের বড় আঁচড়া গেট থেকে যতদূর চোখ যায়, দেখা যায় সারি সারি কার্গো ট্রাক। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকা থেকে খালি এসব ট্রাক বেনাপোলে এসেছে ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহনের জন্য।

নারায়ণগঞ্জের জান্নাত-আক্তার কার্গো সার্ভিসের ট্রাকচালক তুহিন গার্মেন্টসের কাঁচামাল নিতে মঙ্গলবার ভোরে বেনাপোলে পৌঁছান। বেলা ১১টার দিকে ট্রাকটি লোড হওয়ার কথা থাকলেও ভাড়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বুধবার ট্রাকপ্রতি অতিরিক্ত সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে পণ্য লোড করার কথা রয়েছে।

বেনাপোলের ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার আগে ঢাকা রুটে একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। তবে সোমবার সকাল থেকে সেই ভাড়া বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে। একইভাবে চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে তা বেড়ে ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটেও ট্রাকভাড়া বেড়েছে। এসব গন্তব্যে আগে প্রায় ২২ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে তা ২৬ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

বেনাপোলের অর্পা-অপ্সরা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী হাফিজুর রহমান বলেন, সাড়ে ১০ টনের কাভার্ড ভ্যানে বেনাপোল থেকে ঢাকার কাঁচপুরে তৈরি পোশাকের পণ্য পরিবহনে এখন ২৪ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে। অথচ গত শনিবারও একই রুটে ভাড়া ছিল ১৮ থেকে ১৯ হাজার টাকা। এ ছাড়া ১২ টনের খোলা ট্রাকের ভাড়াও ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

তার ভাষ্য, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়বে পণ্যের দামের ওপর। কাঁচামাল ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী পরিবহনে বাড়তি খরচ যুক্ত হলে উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়বে। এর ফলে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় সাড়ে চার শ থেকে পাঁচ শ ট্রাক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করত। তবে গত দুই দিনে সেই সংখ্যা কমে প্রায় দুই শ থেকে আড়াই শ ট্রাকে নেমে এসেছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি রাজস্ব আদায়েও প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানিকারকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় পরিবহন খাতে সমস্যা আরও তীব্র হয়েছে। এর সঙ্গে টায়ার, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং ফেরি পারাপারের ভাড়াও বেড়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অনেক পরিবহন ব্যবসায়ীর সঙ্গে আমদানিকারকদের বার্ষিক চুক্তি রয়েছে। ফলে আগে নির্ধারিত ভাড়ায় পণ্য পরিবহন করতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবহন মালিককে লোকসান গুনতে হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান জানান, প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি এবং ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য রপ্তানি করে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পণ্য পরিবহনে ট্রাকভাড়া পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে আমদানিকারক ও রপ্তানিকারক উভয়েই বাড়তি চাপের মধ্যে পড়েছেন।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে ২৪৯ ট্রাক পণ্য আমদানি এবং ১০৬ ট্রাক পণ্য রপ্তানি হয়। ২০ সেপ্টেম্বর আমদানি হয়েছে ৩১২ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৩৫ ট্রাক। ২১ সেপ্টেম্বর আমদানি কমে দাঁড়ায় ২৪৬ ট্রাকে, আর রপ্তানি নেমে আসে মাত্র ১১ ট্রাকে। পরদিন ২২ সেপ্টেম্বর আমদানি হয়েছে ১১৫ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৮০ ট্রাক।

বন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক আমদানিকারক পণ্য আনার পরও প্রয়োজনীয় সংখ্যক ট্রাক না পাওয়ায় সেগুলো শেডে আটকে থাকছে। ফলে বন্দরের ভেতরে কিছুটা ট্রাকজট তৈরি হয়েছে। এতে পণ্য খালাস ও পরিবহনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এদিকে জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এর প্রভাব দেশের সরবরাহ ব্যবস্থা ও পণ্যের বাজারেও পড়তে পারে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...