Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থা, রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চ পর্যায় কমিটির বৈঠক এবং বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

Amyal TV
৩ মিনিট পড়ুন

প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলায় বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র বিভিন্ন দিক তুলে ধরবেন বলে জানা গেছে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলোও তুলে ধরবেন তিনি।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।

ফলে তারেক রহমানের এবারের ভাষণকে জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ও সমতামূলক ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয় বাংলায় তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলায় বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্বও তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বুধবার রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চ পর্যায় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্যোগে গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ আয়োজনে বুধবার সকালে রোহিঙ্গা সংকট নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মালয়েশিয়াসহ মোট আটটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন শুধু সহমর্মিতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংকটের মূল কারণ ও এর সমাধান খোঁজার পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

তিনি বলেন, প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে যাওয়ার সময় এসেছে। একই সঙ্গে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে এই বাস্তুচ্যুতির স্থায়ী অবসানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত হয়ে থাকা রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি তিনটি দেশ সফরের আমন্ত্রণও পেয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণের দিকে এখন নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। বাংলায় দেওয়া এই ভাষণে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...