Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Amyal TV
২ মিনিট পড়ুন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই দলের অভিনয় দেখতে দেখতে আমরা ক্লান্ত। এদের কৃতজ্ঞতাবোধ খুবই কম। ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। এর মাধ্যমে তাদের রাজাকারের তকমা দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেসব কথা ভুলে গেছে।’

মীর শাহে আলম আরও বলেন, ‘এ সরকার জনগণের সরকার, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতেই তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।’

এ সময় আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে জনগণের সঙ্গে নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবার স্থানীয় নির্বাচনে উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দেবে। যারা এর বিরোধিতা করবে বা বিদ্রোহী হবে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’

এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক। ভারতে পলাতক নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। তাদের পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।’

দেশে বর্তমানে চলমান আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ সময় এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যেরও সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘১১ দলীয় জোটের নেতারা সংসদে এক কথা বললেও বাইরে আরেক কথা বলেন। তারা নানারকম অভিনয় করছেন। এনসিপির নেতাদের বয়স কম, অথচ সম্মান দিয়ে, রাজনৈতিক ভাষায় কথা বলেন না। তারেক রহমানকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেন। বিএনপিকে কারও হুমকিতে পরোয়া করে না।’

বিএনপি কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব দেয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করেছে, দলে আর তাদের ঠাঁই হবে না। দলের জন্য যারা দুঃসময়ে কাজ করেছেন, তারা ঠিকাদারিসহ বৈধ সবকিছু পাবেন।’

বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বক্তব্যে একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে তার অবস্থান উঠে আসে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...