Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই বিজ্ঞপ্তির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

Amyal TV
২ মিনিট পড়ুন

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ লীগ করিস না, লীগ ফিরে আসবে না’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন। তিনি বলেন, ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আবাসিক হলগুলোতে কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আদনান মোহন আরও বলেন, আবাসিক হলে কমিটি গঠনের উদ্যোগের মাধ্যমে ছাত্রলীগ ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করছে। এ ধরনের কোনো কর্মকাণ্ড শাবিপ্রবি ক্যাম্পাসে মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের কোনো স্থান হবে না। ছাত্রলীগ কিংবা তাদের সহযোগীদের যেকোনো ধরনের চক্রান্ত ও তৎপরতা রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...