বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে শেষ হয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামের আলো যখন মেসিকে ঘিরে, তখন তার দিকে এগিয়ে আসেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।
রেফারির হাতে ছিল লাল ও হলুদ—দুটি কার্ড। প্রথম দেখায় মনে হতে পারে, ম্যাচের কোনো ঘটনার জন্য মেসিকে কার্ড দেখানো হচ্ছে। কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন।
মেসিকে শাস্তি দেওয়ার জন্য নয়, আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচের স্মৃতি হিসেবে বিশেষভাবে প্রস্তুত করা দুটি কার্ড উপহার দেন ভেখার। স্মারক হিসেবে কার্ড দুটি নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ী ম্যাচটিও মেসির জন্য ছিল স্মরণীয়। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন মেসি।
ফলে শেষ আন্তর্জাতিক ম্যাচে মেসির নামের পাশে যোগ হয় এক গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
আলবিসেলেস্তেদের হয়ে মেসির চূড়ান্ত পরিসংখ্যান দাঁড়ায় ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্টে। আর বিদায়ের মুহূর্তে পাওয়া লাল ও হলুদ কার্ড দুটি হয়ে থাকল তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের এক ব্যতিক্রমী স্মারক।
