বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি পেছানোর এ আদেশ দেন।
এদিন মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে লিফট চালু থাকা সত্ত্বেও তাকে সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে নেওয়া হয়েছে বলে বিচারকের কাছে অভিযোগ করেন পলক।
পলক বলেন, ‘এটা কী ধরনের সিস্টেম? লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
জবাবে বিচারক বলেন, ‘এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।’
এরপর পলক বলেন, ‘এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি, আপনার না। হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।’
এ সময় মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমানকে উদ্দেশ করে পলক বলেন, ‘পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।’
শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে হেঁটে নামতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
এ সময় পলকের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অন্য আইনজীবীরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মামলার তথ্য অনুযায়ী, ৩৪ আসামির মধ্যে বর্তমানে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২০ জন শুরু থেকেই পলাতক রয়েছেন।
