রোববার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ।
মিছিলে নারী ও পুরুষ নেতাকর্মীদের হাতে ঝাড়ু, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সমাবেশে বিক্ষুব্ধ নেতারা ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কোনো কমিটি তৃণমূল বিএনপি মেনে নেবে না। অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এর আগে গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর থেকেই নতুন কমিটি নিয়ে ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে কমিটি বাতিলের দাবিতে রোববার বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন দলটির একাংশের নেতাকর্মীরা।
