মঙ্গলবার (২৫ আগস্ট) দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বর্তমানে দিল্লির বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সেন্ট্রাল, ইস্ট, নিউ দিল্লি, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ও ওয়েস্টসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর আগে সোমবার অতিবৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। তীব্র যানজটে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। খারাপ আবহাওয়ার কারণে ওই দিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্তের মতে, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের কারণেই দিল্লিতে টানা ভারী বৃষ্টি হচ্ছে।
এদিকে ভারী বৃষ্টিতে দিল্লির পাশের গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন স্কুলের কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
ভারী বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
