প্রতিবেদন অনুযায়ী, ক্লোরোকুইন সেবনের পর ওই গ্রামের আরও ৫৩ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ২৯ জনকে তেলেঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তেলেঙ্গানা সীমান্তসংলগ্ন পোলভরম জেলার গোল্লাগুপ্পা গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধে মোট ৭১ জন বাসিন্দাকে ক্লোরোকুইন দেওয়া হয়েছিল। ওষুধ সেবনের পরই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
জেলা সংগ্রাহক দিনেশ কুমার জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশে কাকিনাড়া সরকারি সাধারণ হাসপাতাল থেকে নয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গ্রামে পৌঁছেছে। বিজয়ওয়াড়া ও রাজামহেন্দ্রভরম থেকেও আরও তিনটি বিশেষজ্ঞ দল সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।
অসুস্থদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ চিকিৎসাশিবির স্থাপন করা হয়েছে। সেখানে তিনটি শিশু বিশেষজ্ঞ দলসহ প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।
এদিকে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
