Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

পাসওয়ার্ড অনুমান করে তিন প্রতিষ্ঠানেরসিস্টেমে ঢুকেছিল গুগলের জেমিনাই

সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষা চালানোর সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই পাসওয়ার্ড অনুমান করে তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গুগলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Amyal TV
২ মিনিট পড়ুন

এ ঘটনার মধ্য দিয়ে এআই ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের আরও একটি ঘটনা সামনে এলো। এর ফলে শক্তিশালী এআই মডেলগুলোর সক্ষমতা, নিরাপত্তা এবং সেগুলোর ওপর নিয়ন্ত্রণ কতটা কার্যকর—তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ ঘটনার খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে এই ঘটনাগুলো ঘটে। তবে গুগল বিষয়টি জানতে পারে জুলাইয়ে।

গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস এএফপিকে বলেন, নিয়মিত একটি নিরাপত্তা পরীক্ষার সময় জেমিনাই ইন্টারনেটে থাকা বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষার অংশ বলে মনে হওয়া কিছু ওয়েবসাইটে প্রবেশের জন্য প্রয়োজনীয় লগইন তথ্য অনুমান করে মডেলটি।

অ্যাডকিনস জানান, তিনটি ঘটনার ক্ষেত্রেই জেমিনাই একপর্যায়ে নিজে থেকেই থেমে যায়। তবে ঠিক কোন তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে জেমিনাই প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

তিনি আরও জানান, গুগল ইতোমধ্যে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে ঘটনাগুলোর বিষয়ে অবহিত করেছে। পাশাপাশি এ পরীক্ষার সঙ্গে যুক্ত প্রশিক্ষণ অংশীদারের সঙ্গেও কাজ করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।

গুগলের পক্ষ থেকে জানানো এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন এআই মডেলগুলোর স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অনলাইন সিস্টেমে প্রবেশের সক্ষমতা নিয়ে প্রযুক্তি খাতে আলোচনা চলছে।

এর আগে গত জুলাইয়ে ওপেনএআইয়ের দুটি মডেল নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে নিজেরাই ইন্টারনেটে প্রবেশ করে এবং এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া অ্যানথ্রপিক এবং চীনের মুনশট এআইয়ের তৈরি মডেলের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনার পর এআই প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি মডেলের ওপর কতটা কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস বলেন, এ ধরনের ঘটনা শক্তিশালী এআই মডেলগুলোকে আরও দায়িত্বশীল ও নিয়ন্ত্রিতভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরছে।

এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার বা অনাকাঙ্ক্ষিত আচরণ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও এই ঘটনাগুলো সামনে নিয়ে এসেছে।

সূত্র: এএফপি

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...