মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা প্রধান বাজারের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থক এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করেছিল।
মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে ছোড়া ইটের টুকরোর আঘাতে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত আহত হন।
এ ছাড়া সংসদ সদস্য-সমর্থিত পক্ষের রনি (২৭) এবং অপর পক্ষের একজন সদস্য (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। এ সময় ইটের আঘাতে তিনি মাথায় আঘাত পান।
তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
