সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় মাহিনের নানা বাড়ি। সোমবার দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মাহিন তার নানা-নানীর সঙ্গে বাড়ি থেকে বের হয়। পরে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৫) ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাহিনসহ তার পরিবারের সদস্যরা বাসটিকে থামার সংকেত দেন। বাসটি থামানোর চেষ্টা করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মাহিনের ওপর উঠে যায়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
