এদিকে কুড়িগ্রাম থেকে আসা পথচারী মো. তারেক হোসেনও এই দৃশ্য দেখে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পান, হাট-বাজারের অনেক মানুষ আকাশের দিকে তাকিয়ে আছেন। পরে নিজেও আকাশের দিকে তাকিয়ে দেখতে পান, চাঁদের একেবারে কাছেই একটি তারা জ্বলজ্বল করছে। তারেক হোসেন বলেন, প্রতিদিনই আমরা আকাশ দেখি, কিন্তু সেদিনের দৃশ্যটি ছিল একেবারেই আলাদা এবং অসাধারণ সুন্দর।
অন্যদিকে, মহাজাগতিক এমন দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সামিয়া আক্তার। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ দৃশ্যের ছবি পোস্ট করছিলেন। পরে তিনি ঘরের বাইরে এসে উত্তর আকাশের দিকে তাকিয়ে দেখেন, চাঁদ ও তারা একেবারে কাছাকাছি অবস্থান করছে। পরে তিনি সেই দৃশ্যের ছবি তুলে রাখেন।
সামিয়া আক্তার বলেন, প্রকৃতি মাঝেমধ্যে এমন কিছু চমৎকার দৃশ্য উপহার দেয়, যা মানুষের মন ভালো করে দেয়। চাঁদের পাশে উজ্জ্বল তারার এমন দৃশ্য দেখে তিনিও মুগ্ধ হয়েছেন।
