বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, বুধবার রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে অটোরিকশাচালক আহত হন। ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।
ইবনে মিজান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না
