শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো একসময় লাল মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের মধ্যে ঘরের দরজা দিয়ে বের হতে না পেরে লাল মিয়া ও তাঁর স্ত্রী টিনের বেড়া কেটে বাইরে বের হন। এ সময় আগুনে দগ্ধ হন লাল মিয়া।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী লাল মিয়ার অভিযোগ, কয়েকজন প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এমনকি ঘটনার দুই দিন আগে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
প্রতিবেশী আজমত আলী ও তাঁর স্ত্রী রুকিয়া জানান, রাতে কান্নাকাটির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ঘরের বাইরের দরজা শিকল দিয়ে আটকানো এবং ভেতরে আগুন জ্বলতে দেখেন। পরে লাল মিয়া ও তাঁর স্ত্রী টিনের বেড়া কেটে বের হয়ে আসেন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘরের দরজা বাইরে থেকে আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সখীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন রায় জানান, রাত ৩টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। তবে খবর পাওয়ার সময় আগুনে ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। তাঁর দাবি, ফায়ার সার্ভিসকে খবর দিতে বেশ দেরি করা হয়েছিল।
এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত আছেন। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
