বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তার অভিযোগ, দেশের ভেতরে থাকা কিছু ব্যক্তি ও গোষ্ঠী সেই তৎপরতায় সহযোগিতা করছে।
তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালের পাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।’
সমাবেশে দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তার দাবি, কিউবায় ১০ থেকে ১৫ দিন ধরে কোনো বিদ্যুৎ নেই।
তিনি বলেন, ‘পৃথিবীর মোট যে তেলের জাহাজ, জ্বালানির জাহাজ, তার এক ৫ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। সেখানে কী হচ্ছে? বিরোধী দলের যেটা দেখেন না?’
জ্বালানি সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে উল্লেখ করে রিজভী তার বক্তব্যে হরমুজ প্রণালীর পরিস্থিতির বিষয়টিও তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করেন।
সমাবেশে তিনি দেশের চলমান পরিস্থিতি, পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়েও বক্তব্য দেন এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
