বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ দলের বিভিন্ন কর্মসূচি জনগণের কল্যাণকে সামনে রেখেই নেওয়া হয়েছে।
তিনি বলেন, মুহুরী-কহুয়া প্রকল্পের আওতায় খাল ও নদী খননসহ বিভিন্ন কাজ বাস্তবায়িত হলে এ এলাকার প্রায় সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে কৃষিকাজের সুযোগ তৈরি হবে এবং বছরে প্রায় এক লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
ফেনীতে উদ্বোধন করা মুহুরী-কহুয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় নদী ও জলাশয় পুনঃখনন, বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।
