বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে নতুন কমিটিতে ব্যবসায়ীসহ বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এ সময় তারা কমিটি বাতিল করে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা যুবদলে গাজী রাশেদ শামসকে সভাপতি ও গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে দুমকী উপজেলা যুবদলে জাকির আলম মিলনকে সভাপতি এবং জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। দুই উপজেলায় আরও আটজনকে বিভিন্ন পদে রাখা হয়েছে। এক মাসের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার মির্জাগঞ্জে আয়োজিত বিক্ষোভে উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতা-কর্মীদের বাদ দিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।
দুমকীর বিক্ষোভে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদারও একই অভিযোগ করেন। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁদের বিগত সময়ে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়নি।
সদ্য সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন হাওলাদারও নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সভাপতি পদে থাকা জাকির আলম ব্যবসার কারণে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নতুন কমিটির নেতারা। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, পদবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত।
অন্যদিকে উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না—দলে এমন কোনো নিয়ম নেই। তিনি নিজেও আগের কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।
নতুন কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পদবঞ্চিত নেতা-কর্মীরা কমিটি বাতিল ও তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
