রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাসুক আহমেদ (৩৮) ও তাঁর বাবা আবদুল লতিফ (৬৭)। সম্প্রতি বিয়ে করেছিলেন মাসুক। নতুন সংসার নিয়ে নানা স্বপ্ন দেখছিলেন তিনি। এর মধ্যেই কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এই যুবক।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাসুক শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিং নামের একটি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা শুনে অসুস্থ হয়ে পড়েন বাবা আবদুল লতিফ। দেড় ঘণ্টা পর রাত ৮টার দিকে তাঁরও মৃত্যু হয়।
বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান চৌধুরী জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। সোমবার দুপুরে জানাজা শেষে বাবা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
