মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ নামের একটি ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়।
আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। এতে অংশ নেন স্থানীয় অনেক তরুণ-তরুণী। তাদের সঙ্গে সাধারণ শাড়ি ও চপ্পল পরে প্রতিযোগিতায় নামেন রমাবাই।
তবে দৌড় শুরুর পরই পরিস্থিতি বদলে যায়। দৌড়ানোর সময় বারবার চপ্পল খুলে যেতে থাকায় একপর্যায়ে সেটি হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন।
রুক্ষ ও পাথুরে রাস্তা হওয়ায় খালি পায়ে দৌড়ানো সহজ ছিল না। কিন্তু তাতেও থামেননি রমাবাই। একে একে পেছনে ফেলতে থাকেন তরুণ প্রতিযোগীদের। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন তিনি।
রমাবাইয়ের এমন জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তাঁর এই প্রচেষ্টা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ম্যারাথনে জিতে পাওয়া ৩ হাজার রুপির পুরো অর্থই মেয়ের পড়াশোনায় ব্যয় করবেন বলে জানিয়েছেন রমাবাই। তাঁর এই জয় শুধু একটি দৌড়ের প্রতিযোগিতায় সাফল্য নয়; সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে একজন মায়ের দৃঢ়তা, পরিশ্রম ও আত্মত্যাগের অনন্য উদাহরণ।
