বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করেন তিনি।
দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য শুধু সরকারকে দায়ী না করে এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এলএনজি আমদানির প্রসঙ্গে রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রিজভী বলেন, বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং সরকার তার দায়িত্ব পালন করবে। জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি।
জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হবে না উল্লেখ করে রিজভী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
