Amyal TV
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

Amyal TV
২ মিনিট পড়ুন

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে আজকের মেধাবীদের। দেশ গঠনে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। মেধাবীদের উৎসাহিত ও যথাযথভাবে মূল্যায়নের কোনো বিকল্প নেই।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরি হয়। একইভাবে খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই খেলাধুলার সুযোগ বাড়ানো হয়েছে।

শিক্ষাক্রমে পরিবর্তনের কথা তুলে ধরে মন্ত্রী জানান, চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস, কালচার, এথিকস ও মরালস এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার, স্কাউটের জন্য পৃথক স্কিম এবং বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মান ও পুরস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব মেধাবীদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের মেধা ও বিশাল জনসংখ্যা বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। এই মানবসম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বে একটি উদাহরণ তৈরি করতে সক্ষম হবে।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...