বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের এপিপি রফিকুল ইসলাম রফিক আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সভা শেষে ফেরার পথে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে তিনি অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় তমাল সরকারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
গত ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার তারা জামিনে মুক্তি পান।
