বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেন শফিকুর রহমান।
তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। কিন্তু বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বারবার বাংলাদেশের প্রতিনিধিরা সাফল্য অর্জন করলেও তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
শফিকুর রহমান বলেন, কওমি ও হিফজ শিক্ষার সঙ্গে যুক্তদের প্রতি সরকারের যথেষ্ট প্রতিশ্রুতি ও কার্যকর উদ্যোগ নেই। এ ক্ষেত্রে বৈষম্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে জামায়াতের আমির জানান, এ বছর মক্কায় অনুষ্ঠিত বিশ্ব তাহফিজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নেন। তাঁদের সবাই বিজয়ী হয়েছেন। এর মধ্যে একজন প্রথম এবং বাকি তিনজন তৃতীয় স্থান অর্জন করেন।
বিজয়ী হাফেজদের সরকারের পক্ষ থেকে সম্মানিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সংবর্ধনা নয়, তাঁদের আরও বিভিন্নভাবে সম্মানিত করার সুযোগ রয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে সে উদ্যোগ নেওয়া উচিত।
এদিকে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে ‘প্রিম্যাচিউর’ বা সময়ের আগেই আয়োজন করা হয়েছে—সরকারি দলের কয়েকজন এমপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্টের পর যে ধরনের সমাজের প্রত্যাশা করা হয়েছিল, তা এখনও দেখা যাচ্ছে না। সে কারণেই জনগণের পক্ষ থেকে নৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁদের কর্মসূচি।
তিনি আরও বলেন, কর্মসূচিকে যারা ‘প্রিম্যাচিউর’ বলছেন, তাদের প্রতি তিনি দোয়া করেন—আল্লাহ যেন তাদের ‘ম্যাচিউরিটি’ দান করেন।
অনুষ্ঠানে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুল কাইয়ুম মোল্লা জানান, চার বাংলাদেশি প্রতিযোগীর মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান অর্জন করেছেন। তাঁদের সম্মিলিত পুরস্কারের অর্থ প্রায় আড়াই কোটি টাকা। তবে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁরা কোনো সম্মাননা বা সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি।
ভবিষ্যতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী বাংলাদেশিদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার দাবি জানান মুফতি আবদুল কাইয়ুম।
বিশ্ব তাহফিজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নূর উদ্দিন জাকারিয়া বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দেওয়া সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী রাবেতা বিনতে রমজান, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষকরা।
