Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে মেসি

পাঁচ বছর আগে, ২০২১ সালে ভালোবাসার নগরী বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতালান ক্লাবটির জার্সিতে এখন আর মাঠের সবুজ গালিচায় তাঁকে দৌড়াতে দেখা যায় না। তবে যে শহরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আবেগ ও সম্পর্ক, সেই বার্সেলোনার বিপদে-আপদে পাশে দাঁড়ানোর টান এখনো এতটুকু কমেনি। এবার অনন্য মানবিকতার পরিচয় দিয়ে বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন ফুটবলের এই মহাতারকা।

Amyal TV
২ মিনিট পড়ুন

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাটো’-র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের দাতব্য সংস্থা ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণ প্রকল্পে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন লিওনেল মেসি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকারও বেশি। ভালোবাসার ক্লাবের শহর ছেড়ে যাওয়ার পাঁচ বছর পরও বার্সেলোনার অসুস্থ শিশুদের মুখে হাসি ফেরাতে মেসির এই উদ্যোগ বিশ্বজুড়ে তাঁর ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

ফুটবলবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্সেলোনায় বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটির নাম ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’। শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মিত হতে যাওয়া এই বিশ্বমানের চিকিৎসাকেন্দ্রটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো।

বিশাল এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় ৫ হাজার ১৩৭ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে। হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর প্রতি বছর অন্তত ৪০০ জন ক্যানসার আক্রান্ত শিশুকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা থাকবে। শিশুদের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা এবং অন্যান্য সহায়ক সেবা একই ছাদের নিচে নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সেবা আরও সহজলভ্য করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে এই বিশাল প্রকল্পটি শুধু মেসি এককভাবে বাস্তবায়ন করছেন না। ‘মেসি ফাউন্ডেশন’-এর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং ব্যক্তিগত অনুদানকারীরাও হাসপাতাল নির্মাণের তহবিলে অবদান রাখছেন।

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে আসছে লিওনেল মেসির দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’। শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কার্যক্রম রয়েছে।

মেসি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থাটি শিশুদের লিউকেমিয়া রোগের গবেষণায় নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া আর্জেন্টিনায় মেসির জন্মস্থান রোসারিওর স্থানীয় হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

শুধু আর্জেন্টিনা বা স্পেনেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়েও কাজ করছে মেসি ফাউন্ডেশন। আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং মারাত্মক অপুষ্টিজনিত সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে মেসির দাতব্য সংস্থা।

ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করা মেসি মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে তাঁর বড় অঙ্কের এই অনুদান সেই মানবিক কর্মকাণ্ডেরই আরেকটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...