Amyal TV
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

Amyal TV
৩ মিনিট পড়ুন

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একই সঙ্গে সারাদেশের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি, সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।’

তিনি বলেন, ‘আজকে জনগণের সামনে স্পষ্ট যে, দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক নেই। এটার জন্য বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।’

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, নির্বাচিত সরকার এলে দেশে মব থেমে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা নিজেদের দলীয় নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, এর উদাহরণ হিসেবে সাম্প্রতিক দুটি ঘটনা সামনে এসেছে। মিরপুরে রাড্ডা সেন্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে। রাজধানীর মতো একটি শহরে রাতের বেলা তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে এবং প্রশাসন সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে না—এটা হতে পারে না।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘এটা সরকারি ইন্ধনে, রাষ্ট্রীয় মদদে এবং দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে।’ একই সঙ্গে মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়টি স্পষ্ট হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনাটা দেখলাম। সেখানে এখন ভিক্টিমকে ব্লেমিং করা হচ্ছে। সেখানে স্পষ্টত ভাঙচুর হয়েছে, সেখানে একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, যেখানে প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন সেটাকে বাধা দিতে পারেনি, সেটাকে বন্ধ করতে পারেনি। এখন নানাভাবে সেটা কারা করেছে বা ভিক্টিমের দায় কী—এই ধরনের অনেক নাটক সরকার সাজাচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, রাজধানীতে ঘটেছে এবং বিভিন্ন কারণে গণমাধ্যমে এসেছে বলেই হয়তো এসব ঘটনা বেশি আলোচনায় এসেছে। কিন্তু সারাদেশের পরিস্থিতি আরও বিস্তৃত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘সারা দেশের পরিস্থিতি কিন্তু এইটা। আমরা হবিগঞ্জে দেখলাম সিএনজি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড দখল নিয়ে ব্যাপক মারামারি। আমরা সাভারে মাদরাসা দখলের চেষ্টার ঘটনা নিউজে শুনলাম। সারা দেশে এক ধরনের নৈরাজ্য। দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে বলে মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, এসব ঘটনার জন্য বর্তমান সরকার দায়ী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলে আবারও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...