সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সজীব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার আরামকোর ওই জ্বালানি স্থাপনায় হুতিদের আকস্মিক হামলায় সজীব নিহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় এ ধরনের সশস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজীবের পরিবার ও তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সজীবের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
