Amyal TV
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

Amyal TV
২ মিনিট পড়ুন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আদালতের রায়ের পর তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মো. মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন, হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রূপগঞ্জে মাদকদ্রব্যের ব্যবহার ও কেনাবেচা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য ব্যবহার, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। রূপগঞ্জকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হবে।

প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...