নিজের মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই মাছুম শেখের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ ওই এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মাছুম শেখ নিজ বাড়িতে প্রায়ই তাণ্ডব চালিয়ে আসছিলেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় তার মা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে প্রশাসনের কর্মকর্তারা। সেখানে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মাছুম শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, ঘটনাস্থলেই মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
প্রশাসন জানায়, মাদকাসক্ত অবস্থায় বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
